নীলফামারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নীলফামারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ইটবোঝাই একটি ট্রাক দারোয়ানী টেক্সটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে ইটবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। আর ইটবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ইটবোঝাই ট্রাকটির চালক মোহাম্মদ আসাদুল ইসলাম (৪৫)। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানার ছাতিনগ্রাম সান্তাহারের মোজাম্মেল হকের ছেলে। তাঁর সহকারী পালিয়ে গেছেন। অপর ট্রাকের চালক ও হেল্পারও ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নীলফামারী থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় নীলফামারী জেনারেল হাসপাতালে। দুটি ট্রাক লোড অবস্থায় থাকায় দুর্ঘটনাকবলিত যান সরাতে রেকার ডাকা হয়েছে।