কুড়িগ্রামে মাদক কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

কুড়িগ্রামের রৌমারীতে মাদক কারবারিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারি চক্রের সদস্যরা। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, মানিক মিয়া, ইসমাইল, এরশাদের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়িতে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা, তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি, ৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। 

অভিযানের সময় মানিক ও আনোয়ারকে আটক এবং জব্দ মালামালসহ আসামিদের নিয়ে আসার সময় পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা করে মাদক চক্রের সদস্যর। একপর্যায়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৮ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে।

এসময় ঘটনাস্থলে হামলার স্বীকার হয়ে আহত হন—এএসআই মনির হোসেন ও কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় মানিক ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।’