পঞ্চগড়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রসহ ৩ জনের মৃত্যু

হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভশন

পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজছাত্র জামিউল ইসলাম। জামিউল স্থানীয় একটি কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকালে ১৪ জনের একটি দল পাশের ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা খেতে কাজ করতে যায়। এ সময় খেতের মধ্যে বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে ছিল। তখন বিদ্যুৎ ছিল না। তারা কাজের একপর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কয়েকজন ‍বিদ্যুতায়িত হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে কলেজছাত্র জামিউলের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। পথে রাব্বানী ও শাহীনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
আহত জয় ইসলাম বলেন, ‘বিদ্যুতের তারটি পড়েই ছিল। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুৎ শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই। কিন্তু তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। একপর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, বিদ্যুতায়িত হয়ে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।