নীলফামারীর উত্তরা ইপিজেডের ২৪টি কারখানার সকল কার্যক্রম আজ বুধবার বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন শ্রমিক নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার রাতে বাপজা কর্তৃপক্ষ কারখানাগুলোর কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। বাপজার নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পরিস্থিতি দেখে বৃহস্পতিবার কারখানাগুলো খুলবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে দাবি শ্রমিকদের। সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। ওই শ্রমিকের নাম হাবিব (২১)। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।