শীতে জুবুথুবু পঞ্চগড়ে উষ্ণতা ছড়াচ্ছে জাতীয় সংসদ নির্বাচন 

শীতে জুবুথুবু পঞ্চগড়ে উষ্ণতা ছড়াচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। দলীয় কার্যালয়, চায়ের দোকান কিংবা বাজার সর্বত্র ভোটের আলোচনা। তেঁতুলিয়া, আটোয়ারী ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা চার লাখ ৫৮ হাজার ২৬০ জন। পঞ্চগড়-১ আসনে সবার নজর দুই হেভিওয়েট প্রার্থীর দিকে। একদিকে বিএনপির অভিজ্ঞ নওশাদ জমির, অন্যদিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি জামায়াতসহ ১১ দলের প্রার্থী সারজিস আলম। ভোটারেরা বলছেন, বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে পঞ্চগড়-১ আসনে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। সর্বউত্তরের জেলা পঞ্চগড় এই আসনটি জাতীয় সংসদের ১ নম্বর আসন।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটিতে তিনবার জয় পেয়েছে দলটি। এই আসনে দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে মরিয়া বিএনপি। দলটির  প্রার্থী হিসেবে মাঠে আছেন কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নওশাদ জমির।

পঞ্চগড়–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির বলেন, ‘এটা জেলা বিএনপির আসন। এখানে সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজ, সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বারবার নির্বাচিত হয়েছেন। এই আসনটা আমাদের।’

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম বলেন, ‘আশা করছি আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশবে জয়ী হবে।’

বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসাতে লড়বেন আলোচিত মুখ ১১ দলের প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, জোটের প্রত্যেকটি দলের এখানে ভোট ব্যাংক রয়েছে। জামায়াতসহ জোটের দলগুলো বেশ আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা পরিকল্পনা করছি।’
 
একদিকে অভিজ্ঞতার পাল্লা, অন্যদিকে পরিবর্তনের ডাক। আরও আছেন পাঁচ প্রার্থী। কাকে পাবেন সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে, তারই হিসেব কষছেন ভোটারেরা।

স্থানীয় এক ভোটার বলেন, ‘আমরা এমন সংসদ সদস্য চাই, যিনি আমাদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন। পঞ্চগড়ের স্বার্থে কাজ করবেন। আমাদের প্রত্যাশা নিয়ে কাজ করবেন।’