জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে দলটির জেলা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। জাগপা নেতাদের দাবি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
শুক্রবার সন্ধ্যার আগে জেলা শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জাগপা কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের টিনের সীমানা বেড়া ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। তবে কোনো নেতাকর্মী আহত হননি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে আল রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে তা শালীনতার মধ্যে হওয়া উচিত। আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং পঞ্চগড়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।