গাইবান্ধায় চরাঞ্চলে ঝড়ে চার শতাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি

গাইবান্ধার চরাঞ্চলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়েছে চার শতাধিক ঘরবাড়ি। গতকাল সোমবার গভীর রাতে সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে কামারজানীর খারজানী চর এবং ফজলুপুরের বুলবুলির চর ও চর চৌমোহনী এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ও বসতভিটার। ঘর ভেঙে যাওয়ায় চরম বিপাকে চরাঞ্চলের বাসিন্দারা। 

ক্ষতিগ্রস্তরা জরুরি ভিত্তিতে খাদ্য, চিকিৎসা এবং ঘর মেরামতের টিন বা পুনর্বাসন সহায়তা চেয়েছেন।

জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। দ্রুতই তাদের সহায়তা দেওয়া হবে।