বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশবাসীর প্রতি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

'ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ', শক্তির উদ্‌বোধন'- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই অমর বাণী উদ্ধৃত করে মির্জা ফখরুল কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।