জয়পুরহাটে হারিয়ে যাওয়া ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’

জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাংলার প্রাচীন বিনোদনের অন্যতম মাধ্যম ছিল তন্ত্র-মন্ত্রের পাতা খেলা। সময়ের পরিবর্তনে এ খেলা প্রায় বিলুপ্ত হয়ে গেলেও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

খেলা দেখতে জয়পুরহাট সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মাঠে ভিড় জমান। বিকেল থেকেই মাঠ ও মাঠসংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে খেলা উপভোগ করেন এবং হারিয়ে যাওয়া এ ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্ম এসব সম্পর্কে তেমন জানে না। তাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তন্ত্র-মন্ত্রের পাতা খেলার আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া পেয়ে আমরা আনন্দিত।’

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।