তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে, বন্যার পূর্বাভাস

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কয়েক দিন ধরেই ওঠানামা করছে। গত কয়েক দিনে পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার আবারও বাড়তে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ৯টার মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার উপরে উঠে যায়। এতে তিস্তা ব্যারাজের ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার তথ্যানুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের তুলনায় নদীর পানি কিছুটা কমতে শুরু করায় তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। তবে বৃহস্পতিবার রাতে আবারও পানি বিপৎসীমা অতিক্রম করায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাস পাওয়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ডালিয়া ব্যারাজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম জানান, বর্তমানে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির প্রবাহের ওপর নির্ভর করে নদীর পানির স্তর ওঠানামা করছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে তিস্তা নদীর পানির স্তর আরও বাড়তে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তারা জানান।