ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে আবারও ধস

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে ভাঙন-আতঙ্ক বেড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। 

চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা বাঁধের কাঁচকোল এলাকার তিনটি স্থানে প্রায় ১০০ মিটার ব্লক পিচিং ধসে যায় গত ১ জুলাই। তখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ১৫ দিনের মাথায় একই জায়গায় আবারও ধস দেখা দেয়।

এনিয়ে চলতি বর্ষা মৌসুমেই বাঁধটির অন্তত ১৫০ থেকে ১৬০ মিটার এলাকা ধসের ঘটনা ঘটেছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে বাঁধটির বড় অংশ ধসে যাওয়ার শঙ্কা তাদের। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘এরই মধ্যে দেড় হাজারের বেশি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এ ছাড়া আরও ১২ হাজার জিও ব্যাগের অনুমোদন পাঠানো হয়েছে।’

২০১৬ সালে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে তীররক্ষা প্রকল্পের আওতায় বাঁধটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের দুই বছর পর,  ২০১৮ সাল থেকেই বিভিন্ন জায়গায় ধস দেখা দিতে শুরু করে। প্রতিবার জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি।