দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
দিনাজপুরের ঘোড়াঘাট শহরের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। বর্ষা এলেই নদীতীরবর্তী এলাকায় দেখা দেয় ভাঙন।
গত কয়েক বছর ধরেই তী রূপ নেয় ভাঙন। শহরের চাম্পাতলী, নাপিতপাড়া, বানিয়াপাড়া, হাজীরঘাটসহ বেশকিছু এলাকায় এরইমধ্যে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন বহু মানুষ।
পৌর এলাকার বাসিন্দারা জানান, ২০ বছর ধরে ভাঙনের কবলে স্থানীয়রা্। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেয়ার জন্য বার বার আবেদন করেও সাড়া মেলেনি। পাড় ভেঙে বর্তমানে হুমকিতে পুরো শহর।
ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘ভাঙন থেকে ঘোড়াঘাট শহর রক্ষায় নদী শাসন এবং বাঁধের প্রয়োজন।’
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর ফারুক আহমেদ বলেন, ‘ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা হিসেবে দ্রুত বাঁধ নির্মাণ করা হবে।’
ঘোড়াঘাট পৌর এলাকায় বাসিন্দা প্রায় ৬০ হাজার। বসত-ঘর ও ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থার অপেক্ষা তারা।