নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ।
প্রতিবছর বর্ষায় তিস্তার পানিতে প্লাবিত হয় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ।
দুর্যোগে চরাঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি গবাদি পশু নিরাপদে সরিয়ে নিতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল রেসকিউ বোট। কিন্তু কোনোটি এখন বালুর নিচে চাপা পড়ে আছে আবার কোনোটির ত্রিপল, বসার সিটসহ বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে।
রক্ষণাবেক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয়দের। মাসের পর মাস বেতন পান না নৌযানের চালকেরা।
এদিকে এ বিষয়ে কিছু জানা নেই বলে দাবি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার।
নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘বরাদ্দ পাওয়া গেলে বোটগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে।’
২০২০-২১ অর্থবছরে প্রায় তিন কোটি টাকা দিয়ে উদ্ধারকাজের জন্য এসব নৌকা কেনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ২০২৪ সালের জুনে শেষ হয় প্রকল্পের মেয়াদ।