ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকালের সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে প্রক্টর অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এরই মধ্যে ক্যাম্পাসে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় ছাত্রদল ও ছাত্রশিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাস এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে এখন পর্যন্ত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।