লালমনিরহাটে মাত্র ৬ কার্যদিবসে শিশু নন্দিনী হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড ও তার বাবা-মাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি হুমায়ুন রেজা স্বপন জানান, আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। রায়ে সন্তুষ্টি নন্দিনীর বাবা-মা, দ্রুত রায় কার্যকর দেখতে চান। গত ১৬ জুন আদিতমারীর ভেলাবাড়ির ফলিমারী গ্রাম থেকে নিখোঁজ হয় সাত বছরের নন্দিনী। পরদিন পাশের ক্ষেত থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিধান রায়ের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এসময় ১৮ পুলিশ সদস্য আহত হন।