জয়পুরহাটে বাড়তি মুরগি-ডিমের বাজার

পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও লোডশেডিংয়ে সরবরাহ কম থাকায় মূল্যের এমন ঊর্ধ্বগতি।  

৮০ দশক থেকে পোলট্রি নগর হিসেবে পরিচিতি পেয়েছে উত্তরের জেলা জয়পুরহাট। সেই থেকে স্বল্প মূল্যে মুরগি মাংস ও ডিম খেয়ে অভ্যস্ত এলাকার মানুষ। 

আগে যে দামে মুরগি- ডিম কিনতে পারতেন স্থানীয় ক্রেতারা, এখন সেই চিত্র ভিন্ন। গত ২/৩ মাস আগে প্রতি কেজি দেশি মুরগি ৩২০ থেকে ৩৫০, সোনালি মুরগি ২৩০ থেকে ২৫০ ও ব্রয়লার ১৩০ থেকে বড়ো জোর ১৭০ টাকা খুচরো মূল্যে বেচা-কেনা হয়েছে। এখন তা বেড়ে প্রতি কেজি দেশি মুরগি ৫৫০, সোনালি ৪২০ থেকে ৪৫০ ও ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

একই চিত্র ডিমের বাজারেও। গত ২/৩ মাসে হালি প্রতি হাঁস-মুরগির ডিমের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় চাহিদার থেকে কমেছে উৎপাদনও। 

জয়পুরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, ‘গরম কমলে স্বাভাবিক হবে মুরগি ও ডিমের বাজার। তবে বাজার নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে ডিম আনতে ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে জেলা কৃষি বিপণন বিভাগ।’ 

মুরগি-ডিমের চড়া দামে বিপাকে পড়েছে জয়পুরহাটসহ আশেপাশের জেলার মানুষরাও। আর এর প্রভাব পড়েছে সারাদেশের পোলট্রি শিল্পে।