পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি কর্মীরা জানান, বাস স্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ জড়ায়। এসময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে জেলা বিএনপি কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্যকে দেয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এরই জেরে রাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।