ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের গোপালগঞ্জসহ সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাঘাটা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন, সুন্দরগঞ্জের আহ্বায়ক আব্দুর রহমান, পলাশবাড়ী সদস্য রাজু আহমেদ, গোবিন্দগঞ্জের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, গাইবান্ধা সদর থানা যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন তমালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল তা প্রমাণ করেছে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে। তাদের আসল চরিত্র দেশের মানুষ বুঝতে পেরেছে, তারা সন্ত্রাস। আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আহ্বান জানান তারা। দেশের যানমালের রক্ষায় বিএনপির সকল অঙ্গ সংগঠন মাঠে থাকবে বলে জানান তারা।