সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো ও গুজব প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের নাশকতামূলক সরঞ্জাম দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি কার্যক্রম আরও জোরদার করতে নারকোটিকস ডগও ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদস্যরা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা দেখতেই এই পরিদর্শন।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও নানা ধরনের গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।