পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নামক একটি দল আছে, যাদের নির্বাচনে আসার মুখ নেই। তারা কী নিয়ে দাঁড়াবে, কী দেখাবে দেশের মানুষকে। তাদের তো কিছুই নেই। তাই তারা আগুন সন্ত্রাস করে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিতে চায়।’
সোমবার বিকেলে সুনামগঞ্জ–৩ আসনের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি বিদেশিদের দুয়ারে দুয়ারে গিয়ে কান্নাকাটি করে। তাদের কথা এখন আর কেউ শুনেনা। ঘরে ঘরে লিফলেট বিতরণ করেও কাজ হচ্ছে না। তাদের কথায় কেউ পাত্তা দেয় না। দেশের মানুষ চায় উন্নয়ন আর বিএনপি চায় ক্ষতি।'
‘এই দেশ আমাদের, আমরা কারও কাছে জিম্মি নই। তাই আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনব।'
এম এ মান্নান আরও বলেন, ‘আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, গ্রামের মানুষের সেবা করা। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। শেখ হাসিনা আমাকে সবসময় বলেন, গ্রামের মানুষের উন্নয়নে যা প্রয়োজন সব করেন। আমিও সেই কাজ করে যাচ্ছি। তিনি আমাদের পরম বন্ধু। দেশের অনেক মানুষ যারা আশ্রয়হীন ছিল। ঘর ছিল না। রাস্তাঘাটে থাকতো, তাদেরকে ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। যা পৃথিবীর আর কোথাও নেই। আমরা গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল–কলেজ, দিয়ে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছি। গ্রাম হবে শহর, এই স্লোগানকে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ আরও অনেকে।