সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনএম প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সাবেক এমপি দেওয়ান শামছুল আবেদীন। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি।  

দেওয়ান শামছুল আবেদীন মঙ্গলবার বিকেল ৩টায় নিজ বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।  

নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ এনে বিএনএম প্রার্থী শামছুল আবেদীন বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। আমার মনোনয়ন বাতিল করা হয়; আর এটি একবার করা হয়নি– নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গা থেকে আমাকে নির্বাচন থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় আমি প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে প্রার্থীতা বৈধ করে নির্বাচনে ফিরে এসেছি। আমার প্রথমে মনে হয়েছিল নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু বর্তমানে যা দেখছি, সেখানে বলতে হচ্ছে দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটাই নাই। আমার সমর্থিত মানুষদের ক্ষমতাসীনরা হামলা চালিয়েছে, মারধর করেছে। তাছাড়া যাদের বিরুদ্ধে অনেক পুরোনো রাজনৈতিক মামলা ছিলো সেগুলো দেখিয়ে আবারও আমার মানুষদের ওপর হামলা চালাচ্ছে। সেজন্য এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’

সুনামগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী দুই হাত ভরে টাকা বিলাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দেওয়ান শামছুল আবেদীন। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছেন টাকা দিয়ে আসছেন। এটা নির্বাচনে পরিবেশ নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর এবং আমি আজকে থেকে কোনো প্রার্থী নই। আগামী ৭ জানুয়ারির ভোট প্রত্যাখান করলাম।’

‘জাতীয় পার্টির প্রার্থী বিগত নির্বাচনগুলোতে বিনা ভোটে এমপি হয়েছেন এবং নৌকার প্রার্থীও ফাঁকা মাঠে গোল করার চেষ্টা করছেন। একটি নীরব বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন।’ যোগ করেন সাবেক এমপি দেওয়ান শামছুল আবেদীন।