ভারতে চিকিৎসকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে শিক্ষার্থীদের সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরো ভারত। এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে হবিগঞ্জের শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের টাউন হল প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, আমরা শুধু একজন মৌমিতার জন্য আজকে দাঁড়িয়েছি। কিন্তু সারা পৃথিবীতে হাজারো মৌমিতা নির্যাতনের শিকার হচ্ছে। নারীদের কর্মস্থল আজও নিরাপদ নয়। নারীদের জন্য কর্মস্থলসহ রাস্তাঘাট প্রতিটি ক্ষেত্র নিরাপদ করতে হবে। তবেই আমরা পূর্ণ স্বাধীনতান স্বাদ লাভ করতে পারব। না স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না। 

শিক্ষার্থীরা আরও বলেন, যতদিন না মৌমিতার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।      

গত ৯ আগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল এক নারী চিকিৎসকের মরদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। 

এদিকে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরো ভারত। গতকাল শুক্রবারও পশ্চিমবঙ্গ পুলিশ কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে। এর প্রতিবাদে এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।