সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে ১৯ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ১৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার।
জুবায়ের আনোয়ার জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জকিগঞ্জের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির একটি দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারীসহ ২ জন শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের নাম-ঠিকান লিপিবদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফের পুশ ইন এর কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে বলেও জানায় বিজিবি।