সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা

ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বেড়েছে সুনামগঞ্জে। সীমান্তে পর্যটকের বাড়তি নিরাপত্তায় বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার সকাল থেকে সুনামগঞ্জ সীমান্তে পর্যটন স্পট যাদুকাটা, বারেকটিলা, নীলাদ্রিতে বিজিবি এই বিশেষ টহল শুরু করে। এসময় পর্যটকদের সীমান্তের শুন্যরেখা অতিক্রম না করতে নির্দেশনাও দেওয়া হয়। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ—পুশ-ইন রোধ করতে নজরদারিও বাড়িয়েছে বিজিবি।

২৮ বিজিবি সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি আজ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের আসছে, তারা যাতে সীমান্তরেখা অতিক্রম করতে না পারে এজন্য তৎপরতা বাড়ানো হয়েছে।