সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করেছে পুলিশ। রোববার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকি ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দ্রুত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধভাবে অবরোধ করে সরকারি কর্মচারীকে কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে জাহিদ খানকে। দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে, গেল শনিবার জাহিদ ও আজিরের নেতৃত্বে সিলেটের জাফলংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটে।