সুনামগঞ্জ সদর হাসপাতালে আড়াই কোটি টাকার বিপুল ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার কোনো সদুত্তর দিতে পারেননি দায়িত্বরত কেউ। সেবা নিতে আসা রোগীদের জন্য বরাদ্দ এতগুলো ওষুধ নষ্ট হওয়ায় জনমনে উঠেছে নানা প্রশ্ন। সরকারি সহায়তা থেকে বঞ্চিত এবং সম্পদের অপচয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন আন্তঃবিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা নেয় দেড় হাজারের বেশি রোগী। হাসপাতাল থেকে দেওয়া হয় না তাদের প্রয়োজনীয় ওষুধ।
এমন অভিযোগের মধ্যে সম্প্রতি হাসপাতালের পুরোনো ভবনের দোতলার গোডাউনে মেলে মেয়াদোত্তীর্ণ সব ওষুধ। এতে ক্ষুব্ধ রোগীদের অভিযোগ, বাইরে বিক্রির জন্যই এগুলো মজুত রেখেছিল হাসপাতালের কর্মীরা।
এ নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার রুপন কুমার দাস বলেন, চলতি বছরের মার্চে যোগ দিলেও এখনও দায়িত্ব ঠিকভাবে বুঝে পাননি তিনি।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধই বেশি। এতগুলো ওষুধ মেয়াদোত্তীর্ণ কীভাবে হলো তা খতিয়ে দেখতে শুরু করেছে তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।