সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো সাহাব উদ্দিন গ্রেপ্তার

সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পাথর উত্তোলন করা হয়। পরবর্তীতে পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার রাত ১১টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। সাহাব উদ্দিনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।