সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমনদোজার ওপর হামলা

সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমনদোজা আহমেদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজীর পয়েন্ট এলাকায় অবস্থানকালে একদল যুবক অতর্কিতভাবে ইমনদোজার ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। হামলার পর স্থানীয়রা আহত ইমনদোজাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সহপাঠীদের মধ্যে অভ্যন্তরীণ কোনো ঝামেলার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তেমন গুরুতর কিছু নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।