হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানপাড়া গ্রামের মজিবুর রহমান ও ইসমাইল হোসেন সরস মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মজিবুর মেম্বার গ্রুপের বজলু মিয়া এবং ইসমাইল হোসেন সরস গ্রুপের বাহার মিয়ার মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে পুরো উজানপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ থামাতে গিয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ফারুক আহত হন। সংঘর্ষে যারা গুরুতর আহত হয়েছেন তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।