বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চি‌কিৎসা দেওয়া। তিনি সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি চ‌লে যান।

জানা যায়, গতকালকে সংঘটিত ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নু‌রে আলম বলেন, ‘মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। গতকালকে হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।’

অপরদি‌কে সদর থ‌ানার ওসি জা‌হেদুল হক ব‌লেন, ‘মাহদীর ওপর হামলার খবর শু‌নে দেখ‌তে গি‌য়ে‌ছি। অভিযোগ যাচাই–বাছাই ক‌রে প্রয়োজনী ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’