মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার রাত আটটার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মৌলভীবাজারমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা একই পরিারের ৫জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবের আলী ও তাঁর মা কনিজা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জুবের আলীর বাবা ইদ্রিস আলী, বড়বোন, বোনজামাই এবং সিএনজি চালক তোফাজ্জল ইসলাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিক ধারণা পুলিশের।