সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। দুজনের বয়স ১ বছরের কম।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে প্রায় ২৫৩ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি। পাশাপাশি একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৪৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।