সিলেটে আজ এনসিপির ‘জুলাই পদযাত্রা’, মাঠে সতর্ক বিজিবি 

হবিগঞ্জে বাধার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সিলেট আসবে আজ। আজ সিলেটের দুই উপজেলা ও আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করবে দলটি।

এ উপলক্ষে দলের পক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার প্রেক্ষিতে এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে আসার কথা। তবে ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রা হামলা ও ২৯ জুলাই মৌলভীবাজারে বাধার ঘটনায় এই কর্মসূচি নিয়ে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে। 

এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এসে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। 

আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন নেতা–কর্মীরা। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান কামরুল আরিফ।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রদল এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি।

সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। তবে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ।