হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা আজ বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার সকালে এনসিপির পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করে পুলিশ। মামলার বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল।
মামলায় শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলামকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, গত মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে সার্কিট হাউজে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মীসহ এনসিপির নেতা-কর্মীরা আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে এনসিপি বুধবার হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিএনপি, ছাত্রদল ও যুবদলও পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা চলাকালে বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসার পথে বাহুবল উপজেলার মুছাই বাজার ও কামাইছড়া এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সঙ্গে আলোচনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লিখিত অভিযোগ দেয়। অভিযোগ যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে মামলাটি রুজু করে পুলিশ।
অন্যদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, অভিযোগ যাচাই-বাছাই শেষে মামলাটি রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মামলাটিকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, ‘এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সম্পর্কে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য দিয়েছেন। এতে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই ছাত্র-জনতা তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।’
তিনি আরও দাবি করেন, ‘রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।