পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। ধারণা করা হচ্ছে, গতকাল রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকে ফেলে দেয়। আজ সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১টার দিকে টয়লেটের টাংকিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



