সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে, গতকাল শুক্রবারের দুর্ঘটনার পর থেকে এখনো পলাতক দুই বাসের চালক।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় কি - এসব বিষয় খতিয়ে দেখবে।
এদিকে, আজ রাতের মধ্যেই ৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, আহত ১৬ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার ভোরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হন। দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে বাসের বেপরোয়া গতি ও ঘুম চোখে গাড়ি চালানোকে দায়ী করছে পুলিশ।