সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. মামুন নিজাম উদ্দিনের ছেলে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে নানান ধরনের আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।