হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার  দুপুর ১২টার দিকে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বিরা সালিস বৈঠকের আয়োজন করেন।

তবে শুক্রবার দুপুরে বৈঠকে বসার পরিবর্তে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামে।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।