সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও তার ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাস জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান।
আজ দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় আমজোড়া ও জলুসা গ্রামের বাসিন্দারাও। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছে।
আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।