রাতেই প্রত্যাহার হতে পারে পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট

তিন দফা দাবিতে আজ রোববার ভোর থেকে সারা দেশে চলছে পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকদের একাংশের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। তবে এই ধর্মঘট আজ রাতেই প্রত্যাহার হতে পারে। এ জন্য রাত আটটায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে আন্দোলনরত ট্যাংক লরি এবং পেট্রল পাম্প মালিকদের এক অংশের সাথে বৈঠক ডেকেছে বিপিসি।

ট্যাংক লরি মালিক সমিতির শীর্ষ নেতা সাজ্জাদুল করিম কাবুল ইনডিপেনডেন্টকে বলেন, রাত আটটার মিটিংয়ে আমরা যোগ দিচ্ছি। সব ঠিক থাকলে ধর্মঘট প্রত্যাহার হতে পারে।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইনডিপেনডেন্টকে বলেছেন, জনগণকে জিম্মি করা অপরাধ। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে আশা করছি শিগগিরই ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে।

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ট্যাংক লরি এবং পেট্রল পাম্প মালিক সমিতির এক অংশ আজ সকাল থেকে ধর্মঘট ডাকে। এতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে তেল উত্তোলন বন্ধ ছিল। তবে চট্টগ্রামসহ কিছু এলাকায় তেল পরিবহন এবং সরবরাহ স্বাভাবিক আছে। রাজধানী ঢাকায় বিকেলের পর অনেক এলাকায় তেল ছিল না। এ অবস্থায় বিপিসি বৈঠক করে।

এর আগে পেট্রল পাম্প মালিক সমিতির একাংশের মহাসচিব মিজানুর রহমান রতন জানান, ধর্মঘটের সময় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন এবং পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব (ভারপ্রাপ্ত) মীর আহসান উদ্দিন পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস্ এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে গত ২৯ আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের সব ধরনের দাবি-দাওয়া পূরণের সিদ্ধান্ত বাস্তবায়নে আশ্বস্ত করা হয়। 

ভিডিও দেখুন:এর প্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা চাওয়া হয় বিজ্ঞপ্তিতে। 

একাংশের তিন দফা দাবি হলো– জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কলরির জীবনকাল ৫০ বছর করা, তেল বিক্রির কমিশন বাড়িয়ে কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট– এমন সুস্পষ্ট গেজেট প্রকাশ করা। 

এগুলোর মধ্যে তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট দাবিটি মেনে নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য চিঠিও ইস্যু করেছে জ্বালানি বিভাগ।