নভেম্বরেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি ফারুক হাসান জানান, নতুন মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে।
মঙ্গলবার বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান জানান, শ্রমিকদের যৌক্তিক মজুরি দেওয়া হবে।
ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এর অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ভোগড়া বাইপাসে মহাসড়ক অবরোধ হয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তায় একটি কারখানা, হাসপাতাল ও পুলিশ বক্সে হামলা করে বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। একপর্যায়ে কালিয়াকৈরে ওয়ালটনের একটি শোরুম এবং একটি পিকআপে আগুন দেওয়া হয়।
সাভারের জামগড়া, ছয়তলা ও নরসিংহপুরে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি।
এমন পরিস্থিতির মধ্যে সংবাদ সম্মেলনে আসে বিজিএমইএ। সংগঠনের সভাপতি ফারুক হাসান জানান, নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২২ অক্টোবর মজুরি বোর্ডের সবশেষ সভায় মালিক-শ্রমিক দুপক্ষই প্রস্তাব দেয়।
ফারুক হাসান বলেন, ‘নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর। আমি আবারও রিপিট করছি, আগামী ডিসেম্বর, ২০২৩ থেকে কার্যকর হবে। শান্ত নিরীহ শ্রমিকদের উস্কানি দিয়ে অশান্ত করা হচ্ছে। নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।’
নতুন বেতন নিয়ে সরকারের ঘোষণা বিজিএমইএ মেনে নেবে বলেও জানান তিনি। ফারুক হাসান বলেন, ‘ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে এবং সরকার যে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে আমরা পোশাক শিল্পের সকল উদ্যোক্তা সেটা মেনে নেব।’
শ্রমিক অসন্তোষ ঘিরে সাম্প্রতিক সহিংসতায় বহিরাগতরা জড়িত বলে দাবি বিজিএমইএর। বিশৃঙ্খলা দেখলেই কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি।