দেশের অর্থনৈতিক অবস্থা জানতে মঙ্গলবার শুমারি শুরু

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহের কাজ। ১৫ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহের এই কাজ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানায় পরিসংখ্যান ব্যুরো। 

দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সারা দেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন বলে জানা যায়।  

প্রেস ব্রিফিংয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, অর্থনৈতিক শুমারিতে ৭০টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। 

এবার প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন– সেসব তথ্যও তুলে ধরা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।