হাঁকডাক গুলিস্তানের মতো, কিন্তু ছুটির দিনেও ক্রেতা নেই বাণিজ্য মেলায়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনো শেষ হয়নি স্টল-প্যাভিলিয়ন তৈরির কাজ। তীব্র শীতের কারণে মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। আগামী সপ্তাহ থেকে বেচাকেনা জমজমাট হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। শুক্রবার এমন চিত্রই দেখা যায়। 

ক্রেতা আকর্ষণে বিক্রেতাদের হাঁকডাক শুনে নিউ মার্কেট কিংবা গুলিস্তান এলাকা মনে হতে পারে পূর্বাচলে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে। তবে মাসব্যাপী মেলায় তেমন সাড়া নেই ক্রেতা দর্শনার্থীর। তাই এমন হাঁকডাকেও মিলছে না প্রত্যাশিত ক্রেতা। 

মেলা ঘুরে দেখা যায়, এখনো চলছে স্টল প্যাভিলিয়ন তৈরির কাজ। মেলায় মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা। আর ব্যবসায়ীদের আশা আগামী সপ্তাহ থেকে ভালো বিক্রি হবে।

২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত।