সুপারশপের কেনাকাটায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ক্রেতাকে বাড়তি ভ্যাট দিতে হবেনা। পণ্যের গায়ে মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে।
এ বিষয়ে এনবিআর ও সুপারশপ মালিকদের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই জারি হতে পারে প্রজ্ঞাপন।
সবশেষ বাজেটে সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়। সুপারশপে বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন।
এছাড়া উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকেরা ভ্যাট দেবেন না।
আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে।