প্রকল্পের দুর্নীতি রোধে আইএমইডিকে শক্তিশালী করা হবে: পরিকল্পনা উপদেষ্টা

প্রকল্পের দুর্নীতি রোধে নজরদারি বাড়াতে আইএমইডিকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাশেষে উপদেষ্টা আরো জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বাধ মেরামতে প্রতি বছর বড় অঙ্কের খরচ হয়। এসব প্রকল্পের মান খতিয়ে দেখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে। 

উপদেষ্টা জানান, মাতারবাড়ি সংযোগ সড়কের অতিরিক্ত খরচের অনুসন্ধান করছে আইএমইডি।

সরকারি জনবল নিয়োগ ব্যবস্থাপনাকারী সংস্থা কর্ম কমিশন সচিবালয়ের ৭ টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প অনুমোদন করেছে সরকার। এতে রাজধানীতে চাপ কমবে মনে করা হচ্ছে। এটি সহ একনেকে অনুমোদিত মোট ৯ প্রকল্পে ব্যয় হবে ৩৭৫৬ কোটি টাকা। তবে এরমধ্যে ৭টি সংশোধিত প্রকল্পেই যাচ্ছে ২৯৩৫ কোটি। প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন দুর্বলতা এবং অনিয়মকে বড় কারণ হিসেবে দেখছেন পরিকল্পনা উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘রাজনৈতিক প্রভাবে অনেক বড় প্রকল্প ঠিকভাবে নেওয়া যায় না। অনিয়ম বন্ধে প্রকল্পে যাতে দুর্নীতি না হয় সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির শুরু থেকে বাস্তবায়ন পর্যন্ত নজরদারি রাখতেই হবে।’

একনেক সভাশেষে জানানো হয়, মাতারবাড়ি সংযোগ সড়কসহ বিভিন্ন চলমান প্রকল্পের খরচ, মান, অগ্রগতি পর্যালোচনা করবে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি। অনিয়ম পাওয় গেলে সংস্থাটি কাজ করবে দুদকের সঙ্গে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘চাকরিরত অবস্থায় কর্মকর্তারা বিরুদ্ধে তো করার নজির কখনও নেই। আমরাতো পাচ্ছি চলমান প্রকল্প এগুলোতেই অনেক অনিয়ম হচ্ছে। কারণ একটা প্রকল্প এখানে দুদক গিয়েছেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতমাসের মূল্যস্ফীতির বড় অংশের দায় চাল ও মাছের দাম বৃদ্ধি। এসময়, বৈদেশিক মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করা যাবেনা বলে মনে করে সাধারণ অর্থনীতি বিভাগ।