শুল্ক চুক্তি নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-আমেরিকা

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে আজ। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বলে সরকারের পক্ষে জানানো হয়েছে।

সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নতুন মার্কিন শুল্ক আরোপ করে ১৪টি দেশের নেতাদের চিঠি পাঠানোর পর আলোচনায় অংশ নিতে যাওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ।

ওয়াশিংটনে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় বসেই ভার্চুয়ালি যুক্ত হবেন আলোচনায়। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ অন্য কর্মকর্তারাও ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের ব্যাপারে অর্থ উপদেষ্টা সোমবার জানান, আজ মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠক থেকে ভালো ফল পাওয়ার আশা তাদের।

৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত নয়, ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল দুপুরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, দুই দেশই যেন লাভবান হয় সে চেষ্টা করবে ঢাকা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ তাদের আমেরিকান প্রতিপক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছে।

গতকাল বাংলাদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছে যে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।