ঘুরে দাঁড়াচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশের জাহাজ নির্মাণ শিল্প বৈশ্বিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। আজ দুপুরে চট্টগ্রামে বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের টাগবোট হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘জাহাজ নির্মাণ শিল্প বৈশ্বিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশ থেকে বেশ কিছু জাহাজ রপ্তানি যার প্রমাণ। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগকারীদের সাথে সরকারের টেকসই নীতি নিয়ে পাশে থাকার জন্য কাজ চলছে।’

আব্দুল হাফিজ আরও বলেন, ‘বর্তমানে বিশ্বের প্রায় ৪০০ বিলিয়ন ডলারের জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ আরও অংশীদারত্ব বাড়াতে চায়। এ জন্য বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।’

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের কাছে দুটি ৬৫ ও ৮০ টন বোলার্ড ক্ষমতাসম্পন্ন টাগবোট হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি গত জানুয়ারিতে একটি ল্যান্ডিং ক্রাফ্ট রপ্তানি করেছিল। আগামী অর্থবছরে আরও ৫টি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হুমাইদ মোহাম্মদ আবদুল্লাহ দারউইশ আল তামিমি ও নৌ বাণিজ্য দপ্তারের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।