রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজ, আদা ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এছাড়া, ডিম, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেশ চড়া। তবে স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।
এক সপ্তাহ আগেও পেঁয়াজ পাওয়া যেত ৫৫ থেকে ৬০ টাকা দরে। আদা-রসুন মিলতো দেড়শো টাকার মধ্যে।
খুচরা বাজারে ১৫ থেকে ২০ টাকা বেড়ে পেঁয়াজের কেজি এখন ৮০ থেকে ৮৫ টাকা। আর আদার দাম বেড়েছে কেজিতে ৫০ টাকার মতো। বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকায়। আর রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।
গত সপ্তাহ থেকেই চড়া সবজির বাজারও। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। করলা, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি। আর বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, কাঁচামরিচও। টেমেটোর কেজি ১৪০ থেকে ১৫০ টাকা। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়।
এদিকে, মুরগির ডিমেরও দাম বেড়েছে ডজনে ৫ থেকে ১০ টাকা। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। তবে, স্থিতিশীল আছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টিতে খাদ্যশস্যের যোগান ব্যহত হতে পারে। তবে, কৃত্রিম সংকট ঠেকাতে পদক্ষেপ নেওয়ার তাগিদ ক্রেতা-বিক্রেতাদের।
এদিকে টানা বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাতে সারা দেশে বেড়েছে সবজি, ডিম ও ব্রয়লার মুরগির দাম। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে দেশের নানা জায়গা থেকে পণ্য সরবরাহ কম।
চট্টগ্রামে গেলো সপ্তাহেও ১২৫ টাকায় বিক্রি হওয়া ডিম ডজনে ১৫ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর সবজির দাম গেলো কয়েক সপ্তাহ ধরে বাড়তির দিকে। বর্তমানে আলু, পেঁপে ছাড়া সব সবজির দাম ৮০ থেকে ১২০ টাকায়। রাজশাহীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। বাড়তি সবজির দামও।
সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে প্রায় সবধরনের সবজির দাম বেড়েছে। বেড়েছে মাংসের দামও। টানা বৃষ্টির কারণে তিন সপ্তাহ ধরে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে খুলনায়। এছাড়া গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।