ফের অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে গুনতে হচ্ছে ১৫০ টাকার বেশি। টিসিবির হিসাবে, গত এক সপ্তাহেই দাম বেড়েছে ১২ শতাংশ পর্যন্ত। চড়া দামে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, লোকসানে পড়ে অনেক খামার বন্ধ হওয়ায় সরবরাহ সংকটে ডিমের দাম বাড়ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সস্তা আমিষ হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকারও বেশি দামে।
বিক্রেতারা বলছেন, ১০ দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়েছে। মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ডিমের প্রতি বেশি ঝুঁকছেন। এতে বাজারে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।
একজন খুচরা বিক্রেতা বলেন, ‘ছোট কোম্পানিগুলো বিলুপ্ত হয়ে যাওয়ায় কোনো প্রতিযোগিতা থাকে না। দামটাও ঠিকভাবে পাওয়া যায় না। সরকার যদি এদিকে ফোকাস না করে, ভিজিলেন্স না থাকে তাহলে স্বাভাবিকভাবে এটা হবেই।’
ডিম উৎপাদক সমিতির দাবি, অতি গরমে মুরগি মরে যাওয়ায় লোকসানে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে মুরগির সংখ্যা কমেছে। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ডিমের উৎপাদন কমেছে প্রায় ২০ শতাংশ।
ডিম উৎপাদক সমিতির সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, ‘এই গরমে ডিমের উৎপাদন কমে গেছে। আর ছোটখাটো খামার কিছু বন্ধ হয়ে গেছে। এসব কারণে দাম বাড়তে পারে। আর বাকি সব জিনিসের দামও তো বাড়তি।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে দৈনিক ডিমের উৎপাদন সাড়ে ৪ থেকে ৫ কোটি পিছ।