একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক: সরকার দেবে ২০ হাজার কোটি টাকা

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি শরিয়াভিত্তিক ব্যাংক করার সিদ্ধান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূত ব্যাংকটির নাম ঠিক করা হয়েছে ইন্টার ইউনাইটেড ইসলামি ব্যাংক।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ব্যাংকটি পরিচালনায় প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা অনুদান দেবে সরকার।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমানত সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে কেবিনেটে। ৫টি ব্যাংক বিলুপ্ত করে ১টি ইসলামী শরিয়াসম্মত ব্যাংক করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা অনুদান দেবে সরকার।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দেওয়া হয়েছে। ব্যক্তি নাগরিক তথ্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই বাণিজ্যিকভাবে বিক্রি হয়েছে। ব্যক্তি নাগরিকের তথ্য নাগরিকের সত্ত্ব। তথ্য নিতে হলে ব্যক্তির অনুমতি লাগবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এ ডিজিটাল আইনের মাধ্যমে বিগত সরকারের সময়ে যে সকল মামলার রায় হয়েছে তা আবার পুনর্বিবেচনা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া, যে মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান যে বিষয়ে কাজ করে না সে বিষয়ে তথ্য রাখতে পারবে না। আজকের কেবিনেট মিটিংয়ে মোট ১৫টি এজেন্ডা উপস্থাপন করা হয়।’